![]() |
| Pic from Google News |
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন চেয়ে ফের আবেদন করা হয়েছে। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। জামিনের বিষয়ে দুপুরে শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০শে মার্চ শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ সময় আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়। গত ২৯শে মার্চ অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

0 Comments
Please do not enter any spam link in the comment box.