মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান–সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত আরও ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) মো. তোফায়েল সরকার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় সকাল ১০টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments
Please do not enter any spam link in the comment box.