ফাঁকা পড়ে আছে বঙ্গবাজারের অর্ধেক চৌকি

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর বঙ্গবাজার ভস্মীভূত হওয়ার এক সপ্তাহ পর গত বুধবার ব্যবসায়ীদের জন্য চৌকি পেতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দেয়। পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্স ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে ১ দশমিক ৭৯ একর জায়গায় বালু দিয়ে ও ইট বিছিয়ে অস্থায়ীভাবে ব্যবসায়ীদের পুনর্বাসনের এই ব্যবস্থা করা হয়।

ব্যবসায়ীদের একটা অংশ অর্ধেক জায়গায় চৌকিতে ব্যবসা শুরু করলেও, বাকি অর্ধেক চৌকি ফাঁকা পড়ে আছে। এদিকে চৌকি পেতে বসা ব্যবসায়ীরা জানান, বেচাকেনা একদমই জমছে না। ঈদের পর এই ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করার কথা রয়েছে।  

গতকাল সোমবার সরেজমিনে বঙ্গবাজারে গিয়ে চৌকি পেতে বসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথার ওপর ছাতা রাখলেও অতিরিক্ত গরমের কারণে দিনের বেলায় বসা কষ্টকর। তবু বসে থাকলেও ক্রেতা তেমন পাওয়া যাচ্ছে না। তাই দিনের বেলা বিক্রি জমছে না। সন্ধ্যার পর কিছু ক্রেতা আসেন। তবে তাঁরা কেনার চেয়ে দামাদামিই বেশ করেন। অগ্নিকাণ্ডের আগে বঙ্গবাজার ছিল পোশাকের একটি বড় পাইকারি ব্যবসা কেন্দ্র। কিন্তু এখন খুচরা বেচাবিক্রিতেই ভরসা। এদিকে যেসব ব্যবসায়ী চৌকি পেতে দেওয়ার আগেই যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে বসেছিলেন, তাঁরা এখনো সেখানেই ব্যবসা করছেন। আবার অনেক ব্যবসায়ী চৌকি পেলেও কাপড়ের অভাবে এখনো দোকানে মালাপত্র ওঠাতে পারেননি। তাতে ফাঁকা পড়ে আছে অর্ধেকের মতো চৌকি।


জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সব ব্যবসায়ীর জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে কিছু ব্যবসায়ী মালপত্রের সংকটের কারণে বসতে পারেননি। অনেকে বিপুল ক্ষয়ক্ষতিতে পড়ায় বাড়িতে চলে গেছেন। জায়গা যেহেতু সবার নামে বরাদ্দ হয়েছে, সেহেতু চৌকি পেতে ব্যবসা করতে কোনো বাধা নেই।

একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা চৌকিতে বসে পড়েছেন, তাঁদের অনেকেই বিক্রি ভালো না হওয়ায় ঈদের আগে আর মালপত্র আনবেন না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চৌকি পেতে দিলেও রোদের তাপ থেকে রক্ষা পেতে নিজেরাই ছাতা কিনেছেন। আবার কেউ কেউ ত্রিপল টাঙিয়েছেন। বিক্রি কম হওয়ায় বিনিয়োগ উঠে আসবে কি না এবং কর্মচারীদের বেতন দেওয়া যাবে কি না, সেই সংশয় থাকায় অনেকে চৌকিতে দোকান নিয়ে বসছেন না।


দোকান নিয়ে বসার চার দিনেও বিক্রি একেবারে হচ্ছে না জানান আরিফ গার্মেন্টসের কর্মী হাফিজ আহমেদ। তিনি বলেন, ‘সকাল (গতকাল) থেকে বেলা একটা পর্যন্ত একটি পণ্যও বিক্রি করতে পারিনি। অথচ এ বছর রোজার শুরুতেও আমাদের প্রতিদিন গড়ে লাখ টাকার ওপরে বেচাকেনা হয়েছে। এমন সময় এসে পাইকারি বেচাকেনা কমলেও খুচরা বেচাকেনায় আমাদের দম ফেলার ফুরসত থাকত না। গরমের কারণে চার হাজার টাকা খরচ করে ত্রিপল টাঙিয়েছি। এই টাকাও উঠে আসবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। জায়গাটা ধরে রাখার জন্য বসেছি। এর বাইরে চাওয়া-পাওয়ার আর তেমন কিছু নেই।’

Post a Comment

0 Comments