![]() |
| তানোরে ছাত্রাবাস থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার |
রাজশাহীর তানোর পৌরসদরের এক ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। তার নাম সুমন আলী (১৮)। রবিবার সকাল ৯টার দিকে উম্মাহানী ছাত্রাবাসের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুমনের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সুমন আলী তানোর আব্দুল করিম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে উপজেলার বনকেশোর গ্রামের মতিউর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন আলী তানোর পৌরসদরের উম্মাহানী ছাত্রাবাসে থাকতো। শনিবার রাতের খাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তার ঘরের দরোজা খোলা দেখে তাকে ডাকে এবং সুমন ঘুম থেকে না ওঠায় তারা পুলিশে খবর দেয়।
রাজশাহী গোদাগাড়ী সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, রাজশাহীর মোহনপুর থানায় সুমনের নামে একটি নারী ঘঠিত মামলা আছে। এছাড়া সুমনের রুম থেকে ঘুমের একপাতা ট্যাবলেটও পাওয়া গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘সুমনের বিষয়ে এখন কিছু বলা যাবে না। তবে লাশ ময়নাতদন্ত শেষে বোঝা যাবে আসল ঘটনাটি কি। থানায় এ নিয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।’

0 Comments
Please do not enter any spam link in the comment box.